৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
khober-Alo-bg-image-png.2

রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল মিরপুর, সড়ক অবরোধে তীব্র যানজট

রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে মিরপুর-১১ এর কালশী রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও কালশীগামী বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেলের দ্রুত বিচার নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। আন্দোলনের সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং রামিসা হত্যার বিচার দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মিরপুরের পল্লবী এলাকায় রামিসা নামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।  অভিযুক্ত সোহেল হত্যার পর শিশুটির মরদেহ বিকৃত করে মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে পল্লবী থানা পুলিশ অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীকে আটক করে।

নিহত রামিসা মিরপুর-১১ এলাকার একটি স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আন্দোলনের কারণে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। সন্ধ্যার পরও কয়েকটি সড়কে যানজট দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

archive-post-img2