রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে মিরপুর-১১ এর কালশী রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও কালশীগামী বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মিরপুরের পল্লবী এলাকায় রামিসা নামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযুক্ত সোহেল হত্যার পর শিশুটির মরদেহ বিকৃত করে মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
নিহত রামিসা মিরপুর-১১ এলাকার একটি স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আন্দোলনের কারণে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। সন্ধ্যার পরও কয়েকটি সড়কে যানজট দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



