৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
khober-Alo-bg-image-png.2

সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি।  শুক্রবার বিকেল পৌনে চারটা থেকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়। ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

বিএনপি সূত্র বলছে, শুক্রবার রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে । আজ শনিবার বেলা তিনটা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

 

আরিফা সুলতানা বলেন, ‘প্রার্থীদের বলা হচ্ছে, সবাইকে আমরা চিনি। কারা মাঠে কাজ করেছেন, সেটা জানি। দল থেকে যাঁকে দেওয়া হয়, তাঁকে মেনে নিতে হবে।’ এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেছেন, ‘আমি আগেও বলেছি, আমাদের এক ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণের এই পর্যায়ে পৌঁছেছি।গণতন্ত্রকে সচল ও শক্তিশালী করতে এটাকে এগিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে নারীরা যে অবদান রেখেছেন বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাঁদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে।’

 

রুহুল কবির রিজভী বলেন, ‘অনেক মহিলা নেত্রী আমাদের। তাঁদের নামে মিথ্যা মামলা হয়েছে, তাঁরা শটগানের গুলি খেয়েছেন। তাঁদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাঁদের সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধু রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো ১৬–১৭ বছর ধরেই চলেছে। দল এসব বিষয় বিবেচনা করবে।’

 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘পাশাপাশি সংসদে কথা বলা এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার; সেই বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সবকিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড চূড়ান্ত করবে, কারা নারী সংসদ সদস্য হবেন?’

উল্লেখ্য, আগামী ১২ মে দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল।

নির্বাচন কমিশন বলছে, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি আর স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

মন্তব্য করুন

archive-post-img2